বিশ্বসুন্দরীর মঞ্চে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ১১৬ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট জিতেছেন তিনি। তবে তার এই জয় শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়, বরং বিবাহিত নারী ও মায়েদের জন্যও একটি বিশেষ অর্জন।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুরু হয় এবারের মিস ইউনিভার্সের মূল আয়োজন। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের খেতাব পেল পুয়ের্তো রিকো। দেশটির ইতিহাসে এটি ষষ্ঠ বিশ্বসুন্দরীর মুকুট। এর আগে ১৯৭০, ১৯৮৫, ১৯৯৩, ২০০১ ও ২০০৬ সালে দেশটির প্রতিযোগীরা এই সম্মান অর্জন করেছিলেন।

তবে জেনিফারের পরিচয় কেবল একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে সীমাবদ্ধ নয়। মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সমাজকর্মেও স্নাতকোত্তর করেছেন তিনি। শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক আঘাত মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণও রয়েছে তার।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা এবং সেনাসদস্যদের পরিবারের কল্যাণে কাজ করেছেন তিনি।

ব্যক্তিজীবনে বিবাহিত জেনিফার এক কন্যাসন্তানের মা। তার স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাদের মেয়ের নাম পেনেলোপে, বয়স সাত বছর।

২০২৩ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেয়। সেই পরিবর্তনের পর প্রথমবারের মতো বিবাহিত ও সন্তানের মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার।