দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ৬০ দিনের জ্বালানি মজুদের সক্ষমতা থাকলেও ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে তা ৭১ দিনে এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে নতুন ডিপো নির্মাণ, পুরোনো ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত সংরক্ষণ ট্যাংক ভাড়া নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিপিসি জানিয়েছে, বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার মজুদ অবকাঠামো সংস্কার করে চালু করা হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার সংরক্ষণ সুবিধা ভাড়া নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি, মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ধারণক্ষমতার তিনটি এবং যমুনা অয়েলে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার নতুন সংরক্ষণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশে মোট জ্বালানি তেলের চাহিদা ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের চাহিদাই প্রায় ৪৪ লাখ ৭৩ হাজার টন।
বর্তমানে বিপিসির নিজস্ব ব্যবস্থাপনায় ডিজেল ৫৭ দিন, অকটেন ৪৬ দিন, পেট্রোল ২৯ দিন এবং ফার্নেস অয়েল ৭৮ দিনের চাহিদা মেটানোর মতো মজুদ রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি মজুদের সক্ষমতা বাড়ানো গেলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কিংবা সরবরাহ সংকটের সময় দেশের অর্থনীতি ও শিল্পকারখানার উৎপাদন সচল রাখা সহজ হবে।

মন্তব্য করুন