বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এ আন্দোলন একপর্যায়ে মহাসড়কে ছড়িয়ে পড়ে।

সকাল ১০টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

পুলিশ জানায়, প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।