কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না বলে জানা গেছে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাঁদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন