রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এর আগের দিন শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। রোববার সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে সূর্যাস্ত এবং সোমবার ভোর ৬টা ১৩ মিনিটে সূর্যোদয় হবে।