ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়ক। সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

এদিকে, সাভারের রাজফুলবাড়ী এলাকাতেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। একেএইচসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের সড়কে অবস্থান নিতে দেখা যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইবনে ফরহাদ জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট নিরসন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

সকাল ১১টা পর্যন্ত মহাসড়কে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।