বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, মামলার অন্য আসামিদের অবস্থান, পলাতকদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং তাদের আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। পরে আদালত জামিন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কিশোর আবদুল মোতালিব নিহত হয়। এ ঘটনায় তার বাবা আবদুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।