মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটলেও প্রাণহানি এড়াতে সর্বোচ্চ সংযম দেখিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে গ্রামে গ্রামে অগ্নিসংযোগের উসকানি দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার রক্তপাত চায় না। তবে থানা বা দেশের নিরাপত্তায় হামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপের ওপর বিদেশে হামলার চেষ্টারও নিন্দা জানান তিনি। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

মন্তব্য করুন