রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। যাত্রী ও ক্রুসহ বিমানে থাকা কারও বেঁচে থাকার সুযোগ হয়নি। মঙ্গলবার গভীর রাতে কেমেরোভো প্রদেশে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের সামরিক পরিবহন উড়োজাহাজ। এতে মোট ১৯ জন আরোহী ছিলেন।

কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়ার বিষয়গুলো দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সামনে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায়, আকাশে জ্বলন্ত অবস্থায় একটি বস্তু দ্রুত নিচে নেমে আসছে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই বিস্ফোরণের আলোয় আলোকিত হয়ে ওঠে আকাশ।

বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্সের বিশ্লেষণেও ঘটনাস্থলের সঙ্গে স্যাটেলাইট চিত্রের মিল পাওয়া গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে কাজ করছে তদন্ত কমিশন ও জরুরি উদ্ধারকারী দল।

রাশিয়ার সামরিক বাহিনীতে এএন-১২ উড়োজাহাজ সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।