গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) সকালেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার রাত থেকে জেলায় যান চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের ছাড়িয়ে নিতে নেতাকর্মী ও সমর্থকেরা চেষ্টা চালান। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান।

এ সময় থানায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলাকারীরা থানা থেকে গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে নিলফা বাজার এলাকায় তাদের বহরে হামলা হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরপর রাত পৌনে ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতে অগ্নিসংযোগ করেন।

বুধবার সকালেও থানার ভেতরে আসবাবপত্রে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটের উপস্থিতি চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।