সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষ ও ভাঙচুরের আশঙ্কায় আশপাশের শিল্পকারখানাগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকার ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে এখনো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন