আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে নোটিশে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নন। সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নিয়েছেন।

নোটিশে শেখ হাসিনার দীর্ঘদিনের প্রধানমন্ত্রিত্বের কারণে তার কাছে সংরক্ষিত থাকতে পারে এমন প্রতিরক্ষা, গোয়েন্দা ও কূটনৈতিক সংক্রান্ত সংবেদনশীল তথ্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। তার ভারতে দীর্ঘ অবস্থানকে রাষ্ট্রীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি এবং পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ।

এ ছাড়া দেশে ফেরার পর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ উপ-কারাগার ঘোষণা, আইনি হেফাজতে নেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য মামলায় প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল বিচারপ্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আগামী ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।