নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করছিলেন। শোভাযাত্রাটি বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।