নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণসংক্রান্ত মামলা কিংবা রিট আবেদন করলে এবং আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করলে তিনি প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ নিতে পারবেন। তবে আদালতের স্থগিতাদেশ না থাকলে আগের নিয়ম বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ঋণখেলাপির কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক শিল্পকারখানা পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। তবে খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকদের মধ্যে সমালোচনাও দেখা দিয়েছে।
চলতি বছরের মে মাসে বেসরকারি খাতের সংকট মোকাবিলা, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
তবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ প্যাকেজ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। অর্থাৎ মোট বরাদ্দের মাত্র এক-পঞ্চমাংশ বিতরণ করা সম্ভব হয়েছে।
প্যাকেজে রয়েছে ১৫টি বিশেষ কর্মসূচি। এর আওতায় বন্ধ শিল্পকারখানা চালু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার তহবিল রাখা হয়েছে।
পিকেএসএফ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমেও বিভিন্ন খাতে ঋণ সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন সিদ্ধান্তে ঋণ বিতরণের গতি বাড়বে এবং শিল্প ও বাণিজ্য খাতে অর্থের প্রবাহ বাড়বে।

মন্তব্য করুন