নাইজেরিয়ায় শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ নৌদুর্ঘটনার শিকার হয়েছেন একদল মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে প্রাণে বেঁচে ফিরলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা চালককে নৌকাটি তীরে নেওয়ার অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও নৌযানটির ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বায়েলসা রাজ্য সরকার। যাত্রী ও নৌচালকদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধ করতে হবে।

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ত্রুটিপূর্ণ নৌযান এবং লাইফ জ্যাকেটের ব্যবহার না থাকায় দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটছে নিয়মিত।