বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে। দুই দেশের মধ্যে নদীর পানি বণ্টন ও চুক্তি বাস্তবায়নের বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির ৩০ বছর পূর্ণ হচ্ছে। ফলে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে দুই দেশের যৌথ নদী কমিশনের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে চুক্তির নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে। ফলে এবারের বৈঠকে সরাসরি চুক্তি নবায়নের সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
দীর্ঘদিনের অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গা চুক্তি গুরুত্বপূর্ণ। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের আলোচনার অগ্রগতি ও ভবিষ্যৎ উদ্যোগের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন