পদ্মা ব্যাংকের কাছে থাকা ঋণ পরিশোধ করতে আরেক প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এককালীন প্রস্থান সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে।

জানা গেছে, ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন সার্ভিসেসের একটি সংশ্লিষ্ট পক্ষ। ইনফরমেশন সার্ভিসেসের চেয়ারম্যান সাজেদুর সিরাজের এলিট গার্মেন্টসেও ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

ঋণের বিপরীতে জামানত হিসেবে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ইনফরমেশন সার্ভিসেসের কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পরই এ ঋণসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্তভাবে এগিয়ে নেওয়া হবে।