দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছেন তিনি।

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ নভেম্বর) সকালে দলটির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এনসিপিকে মৌখিকভাবে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। দলটি সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই এই সংলাপের অন্যতম উদ্দেশ্য।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের চলমান পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে সেখানে আলোচনা হয়। ওই বৈঠকের পরই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা হতে পারে। এর মধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক মহলে এই সংলাপকে চলমান পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সংলাপে কোন কোন বিষয় চূড়ান্তভাবে আলোচনায় আসবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।