রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা বিভাগের উপপরিদর্শক মো. ইরফান খান আদালতে এ আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, নেপথ্যের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান জানতে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে হত্যাকাণ্ডের পেছনে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। এতে পিচ্চি হেলাল, কিলার বাদল, শাজাহান ও ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধের অভিযোগ আনা হয়।

এজাহার অনুযায়ী, ঘটনার আগের দিন ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার আলোচনা চলছে। পরদিন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত নাম ছিলেন সুইডেন আসলাম। একাধিক মামলায় দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

এখন টিটন হত্যা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।