দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা নেই। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে, গত ১৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার দাবি ছিল, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর তাদের ফল প্রকাশের কথা রয়েছে। এর আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হলে নতুন করে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

এ যুক্তিতে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায়।

সেই সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সূচিতে পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।