নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে তিনি তিন বাহিনীর সমন্বিত এই মহড়া সরাসরি পর্যবেক্ষণ করবেন।
‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ নামের এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ দল সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটকে একসঙ্গে নিয়ে এ ধরনের বড় পরিসরের সমন্বিত মহড়া দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি অংশগ্রহণকারী কর্মকর্তা, কমান্ডো ও সেনাসদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা এবং যুদ্ধপ্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। পরে তাঁদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
নোয়াখালীর উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ আগে স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত ছিল। ২০১৩ সালে দ্বীপটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ন্যস্ত করার পর সেখানে সামরিক প্রশিক্ষণ ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে স্বর্ণদ্বীপে বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হলেও তিন বাহিনীর এলিট স্পেশাল ফোর্সগুলোকে একত্র করে এত বড় পরিসরের সমন্বিত অনুশীলন এবারই প্রথম হচ্ছে।
দিনব্যাপী মহড়া পরিদর্শন ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্তব্য করুন