বিমানবন্দরে পাখির আঘাতে উড়োজাহাজের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক পাখি নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্তসংখ্যক বন্দুক কেনার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে জনবলসংকট দূর করতে দ্রুত নিয়োগের নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় কমিটির প্রথম সভায় এসব নির্দেশ দেন মন্ত্রী।
সভায় তিনি বলেন, পাখির আঘাতে উড়োজাহাজের ইঞ্জিন, সামনের কাচসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তাই নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিমানবন্দরের আশপাশে পাখির চলাচল নিয়ন্ত্রণে আধুনিক অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন এবং সাম্প্রতিক বার্ড স্ট্রাইকের ঘটনা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া পাখি তাড়ানোর জন্য পর্যাপ্ত বন্দুক সংগ্রহ এবং বেবিচকের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে জাতীয় কমিটিকে প্রতি তিন মাসে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন