রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ ১৩টি দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা সিআইএসএম। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত এ সংগঠনের মূল উদ্দেশ্য সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে খেলাধুলার প্রসার, পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি।

বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের সশস্ত্র বাহিনী।

এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ। এবার গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে দেশটি।

আইএসপিআরের মতে, এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে।