বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও পৌর কমিশনার আশ্বিনী ভিড়েকে উদ্দেশ করে একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, ইমেলে খলিস্তানপন্থি সংগঠনের নাম উল্লেখ করে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বার্তায় দাবি করা হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন মেট্রো স্টেশনে বিস্ফোরক রাখা হতে পারে। পাশাপাশি মেয়রের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গ্রেনেড হামলা ও বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে।
হুমকির তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’। ইমেলে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ‘খুন কা বদলা খুন’ স্লোগানও ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া হুমকির বার্তায় ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ ও ‘বব্বর খালসা’র নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব সংগঠনের সঙ্গে হুমকির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলার বর্ষপূর্তির দিনেই নতুন করে বিস্ফোরণের হুমকি আসায় উদ্বেগ বেড়েছে।
পুলিশ ও সাইবার অপরাধ দমন শাখা ইমেলের উৎস এবং প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। হুমকিতে উল্লেখ করা বিস্ফোরকের বিষয়ে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি বাস্তব হামলার পরিকল্পনা, নাকি আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।

মন্তব্য করুন