পাকিস্তানি সিরিজ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে ভারতের বিনোদন অঙ্গন। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ ভারতে প্রচার না করার দাবি উঠেছে। এ নিয়ে নেটফ্লিক্সকে আগের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা সিরিজটির। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা ফাওয়াদ খান, মাহিরা খান ও সনম সাঈদ। তিন প্রজন্মের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ছয়টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির মুক্তি বন্ধের দাবি জানিয়েছে।

চিঠিতে সংগঠনটি বলেছে, ভারতে পাকিস্তানি সিরিজ প্রচার করা হলে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুভূতিতে আঘাত লাগতে পারে। একই সঙ্গে পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা।

এর মধ্যেই ভারতের ব্যাঙ্গালুরুতে পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘দার-এ-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও পুলিশের নজরদারির মুখে শেষ পর্যন্ত প্রদর্শনী দুটি বাতিল করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার বিষয়ে নির্দেশনা জারি করেছিল ভারত সরকার। পরের মাসে নেটফ্লিক্সও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জানিয়েছিল, দেশটির গ্রাহকদের জন্য প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ নেই।

নতুন সিরিজটি নিয়ে বিতর্কের পর নেটফ্লিক্সকে আগের নির্দেশনা মেনে চলার কথা আবারও মনে করিয়ে দিয়েছে ভারতের মন্ত্রণালয়। তবে ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ ভারতের দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স।