ভক্তদের সব জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতি এবার বিয়ে। প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, কলকাতায় নিজের বাড়িতেই আইনি বিয়ে করেন মিমি। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই আয়োজন।

বিয়ের দিনে মিমির পরনে ছিল সোনালি ও দুধসাদা শাড়ি। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাঞ্জাবি। প্রকাশিত ছবিতে কখনো পাশাপাশি বসে হাসিমুখে, আবার কখনো একে অপরকে আংটি পরিয়ে দিতে দেখা গেছে নবদম্পতিকে। বিয়ের নথিতে সই করার মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে দুজনের পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব, পরে ভালোবাসা। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন তারা।

তবে কলকাতায় আইনি বিয়ের পরই শেষ হচ্ছে না উদ্‌যাপন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে তাদের মূল বিয়ের আয়োজন।

পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর হবে ডিনার অনুষ্ঠান। ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা।

সব মিলিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন মিমি চক্রবর্তী। আর প্রিয় অভিনেত্রীর এই সুখবর পেয়ে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা।