গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে দেওয়া ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে। এজাহারে হামলায় মোট ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস কালুসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় তাদের পথ আটকে দেওয়া হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া হয়। হামলায় বিজিবির চার সদস্য গুরুতর আহত হন।
মামলার এজাহারে বলা হয়েছে, আগুনে দুটি যানবাহন সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন নষ্ট হয়েছে। একটি ল্যাপটপ, ওয়াকিটকি, ব্যাটারি ও চার্জারও লুট করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে অগ্নিসংযোগে থানা ভবন, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রম এখনো ব্যাহত হচ্ছে।


মন্তব্য করুন