সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় সংস্থাটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে সংশ্লিষ্ট বিধিমালার আওতায় রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।