নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে স্মৃতিস্তম্ভের একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে এবং দোকান খুলতে এসে তাঁরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। ভোরে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে সেখানে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান তিনি। তাঁর মতে, এ ধরনের কাজ অন্যায়।
চা দোকানি খোকন জানান, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে স্মৃতিস্তম্ভের একাংশ পোড়া অবস্থায় দেখতে পান। তবে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না এবং কারা আগুন দিয়েছে, তা দেখেননি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে আগে অবগত ছিলেন না। বিষয়টি বিস্তারিত জানার পর এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আগুনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে টহলরত পুলিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন, এর আগেই আগুন নিভে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।

মন্তব্য করুন