ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রায় ৯৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১১ জুন) ভোরে বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৯৭ দশমিক ৩ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৪২ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন, কাজী মাসুদ, সাইদুল ইসলাম, ইলিয়াছ খাঁন, সাব্বির মিয়া ও মো. কামাল হোসেন।
এপিবিএন জানায়, ভোর সোয়া চারটার দিকে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নজরদারি শুরু করা হয়। পরে পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে আনা স্বর্ণ সংগ্রহ করে দেশের বাজারে সরবরাহ করত। দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি চোরাচালান চক্রের সঙ্গে তারা যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। এপিবিএন জানিয়েছে, চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।