https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে সোনা ও রুপার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম আগের তুলনায় প্রায় ৯ হাজার টাকা কমেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয় এবং পরে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়।
নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণালংকারের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের তুলনায় ৯ হাজার ১৩ টাকা কম। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ওপর ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো, যা পরিবর্তন করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিবর্তনের কারণে এবার ভ্যাটসহ নতুন মূল্য কাঠামো ঘোষণা করা হয়েছে।