নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
নিহত শিশু জায়হান পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা এবং গ্যারেজ মালিক শাহজাহানের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ সময় ঘরের ভেতর একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যেখানে মুক্তিপণ দাবি ও হুমকির বিষয় উল্লেখ ছিল বলে পরিবার দাবি করে।
পরবর্তীতে বুধবার (১৭ জুন) দিনগত রাত ৩টার দিকে বাড়ির পাশের এক প্রতিবেশীর ঘরের পেছনে ময়লার ভাগাড়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটির কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

মন্তব্য করুন