সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশের সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা করছে সরকার।

তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সেখানে অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে জনগণের নজরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা ব্যাপক দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি দিতেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।