বগুড়ার শাজাহানপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের পর আট বছর বয়সী শিশু রিফাত হোসেনকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় আরও পাঁচ আসামিকে শিশু আইন অনুযায়ী ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে।
রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং শিশু আদালত-১ এর বিচারক মো. আনোয়ারুল হক বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম (পলাতক), মেহেদী হাসান, রাজু মিয়া ওরফে পাঁচফুল এবং সাগর (পলাতক)। আদালত তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করেন।
এছাড়া অপহরণ ও আলামত গোপনের অপরাধে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সজিব হাসান, মফিজুল ইসলাম ওরফে বাচ্চু মিয়া, জাহিদ হাসান, বোরহান আলী এবং বায়েজীদ হোসেনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বর্তমানে তাদের বয়স ২৬ বছরের বেশি হওয়ায় শিশু উন্নয়ন কেন্দ্রের পরিবর্তে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে রিফাত হোসেনকে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী আবুল কালাম আজাদ এক লাখ টাকা ধার না পেয়ে অপহরণের পরিকল্পনা করেন। পরে মুক্তিপণ দাবি করা হলেও অপহরণের তিন দিন পর ১৮ জুলাই পোয়ালগাছা ব্রিজের নিচ থেকে রিফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রিফাতের বাবা এনামুল হক ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ১০ আসামির মধ্যে ৯ জন আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
দীর্ঘ আট বছর পর রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তোষ প্রকাশ করে রিফাতের বাবা এনামুল হক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর করা হয়, সেটিই তার প্রত্যাশা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মো. আলী আসগর বলেন, এই রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন