প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে এ ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনার বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পর্যটন ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। একই সঙ্গে মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারগুলোর কার্যক্রম সীমিত করা হয়। এরপর থেকে প্রায় ২১ মাস ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যত বন্ধ ছিল। এ সময়ে মেডিকেলসহ কিছু বিশেষ ক্যাটাগরির ভিসা সীমিত আকারে প্রদান করা হলেও পর্যটন ভিসা চালু ছিল না।
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করেন।
দীর্ঘ বিরতির পর পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণ, ব্যবসা ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন