লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে মা ও তার তিন মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত হামলাকারীরও মৃত্যু হয়েছে। ফলে ঘটনাটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। অভিযুক্ত হামলাকারী অন্তর মজুমদার (২৫), যিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বিকেল পৌনে ৫টার দিকে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে স্বামী মো. কামালের মৃত্যুর পর শাহিনুর বেগম তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে অন্তর মজুমদার ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে শাহিনুর ও তার তিন মেয়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
হামলার পর স্থানীয়রা অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সায়মা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ইকরা আক্তার রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন