https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে এবার হোম অ্যাপ্লায়েন্স খাতে প্রবেশ করেছে শাওমি বাংলাদেশ। স্মার্ট টিভি, ওয়াশার–ড্রায়ার, এয়ার পিউরিফায়ার ও স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন পণ্য উন্মোচনের মাধ্যমে দেশে পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে শাওমি জানায়, তারা এখন শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, বরং সমন্বিত স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। স্মার্ট হোম ও কানেক্টেড ডিভাইসের চাহিদা বাড়ায় এই খাতে বিনিয়োগও বাড়ানো হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে তাদের এক বিলিয়নের বেশি কানেক্টেড ডিভাইস ব্যবহৃত হচ্ছে। স্মার্টফোন বাজারে শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড। পাশাপাশি ২০২৫ সালে বৈশ্বিক টিভি শিপমেন্টেও তারা শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে।
বাংলাদেশের বাজারে নতুন আনা পণ্যের মধ্যে রয়েছে ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি’। শাওমির দাবি, এই ডিভাইসে মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানো সম্ভব। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।
স্মার্ট টিভি বিভাগেও একাধিক নতুন সিরিজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ‘শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ’-এ ব্যবহার করা হয়েছে কিউডি–মিনি এলইডি প্রযুক্তি। এতে রয়েছে ১,২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সুবিধা। সিরিজটির ৯৮ ইঞ্চি সংস্করণের দাম রাখা হয়েছে ৪ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮৫, ৭৫, ৬৫ ও ৫৫ ইঞ্চি সংস্করণও বাজারে পাওয়া যাবে।
এছাড়া ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’ও উন্মোচন করা হয়েছে। এতে রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভি সুবিধা। সিরিজটির ৭৫ ইঞ্চি সংস্করণের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি ৬৫, ৫৫ ও ৪৩ ইঞ্চির মডেলও বাজারে এসেছে।
বাড়ির নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবহারের জন্য আরও কিছু স্মার্ট ডিভাইসও এনেছে শাওমি। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, ইনডোর ও আউটডোর স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট ট্র্যাকিং ডিভাইস ‘শাওমি স্মার্ট ট্যাগ’।