ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। ‘ইওর অ্যালগরিদম’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী নিউজফিড ও রিলসে কনটেন্ট দেখার ধরন নিয়ন্ত্রণ করতে পারবেন।
মেটার ঘোষণা অনুযায়ী, নতুন টুলটির সাহায্যে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় লিখে জানাতে পারবেন, কোন ধরনের পোস্ট বেশি দেখতে চান এবং কোন ধরনের কনটেন্ট কম দেখতে চান। এসব পছন্দের ভিত্তিতে ফেসবুকের সুপারিশব্যবস্থা কনটেন্ট প্রদর্শনে পরিবর্তন আনবে।
এত দিন ফেসবুকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কার্যক্রম ও আগ্রহের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পোস্ট সুপারিশ করত। নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের আগ্রহের কথা জানিয়ে সেই সুপারিশব্যবস্থাকে প্রভাবিত করার সুযোগ পাবেন।
এ ছাড়া ফেসবুকের তিন ডটের মেনুতেও কনটেন্ট নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ‘ইওর অ্যালগরিদম’ অপশনে গিয়ে পছন্দের বিষয়গুলো নির্ধারণ করা যাবে। কোনো পোস্ট ভালো লাগলে ‘ইন্টারেস্টেড’ এবং অপছন্দ হলে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করেও প্রতিক্রিয়া জানানো যাবে।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দ আরও ভালোভাবে বুঝতে প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করা হতে পারে। এর মাধ্যমে কোন বিষয় বা ধরনের কনটেন্ট বেশি কিংবা কম দেখতে চান, সে সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা দেওয়া যাবে। এসব প্রতিক্রিয়ার ভিত্তিতে কনটেন্ট সুপারিশে পরিবর্তন আনা হবে।
ফেসবুকে চালু হতে যাওয়া এই ফিচারটি ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতায় আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগের অংশ। বিশেষ করে এআইনির্ভর কনটেন্ট সুপারিশের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
এর আগে মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও ‘ইওর অ্যালগরিদম’ ফিচার চালু করা হয়। এ ছাড়া থ্রেডসে ‘ডিয়ার অ্যালগো’ নামের একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য সুপারিশ করা কনটেন্টের ধরন নিয়ন্ত্রণে প্রভাব রাখতে পারেন।
নতুন ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিউজফিডে অপ্রাসঙ্গিক পোস্ট কমিয়ে নিজেদের আগ্রহের বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ পাবেন।


মন্তব্য করুন