স্মার্ট হোম প্রযুক্তির বাজারে নতুন ডিভাইস নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ‘হোমভিউ’ নামের ৭ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে ও স্পিকারটি ঘরের বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং অ্যাপলের বিভিন্ন সেবা ব্যবহারের কেন্দ্রীয় মাধ্যম হিসেবে কাজ করবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৭৫৩ টাকা।

অ্যাপলের এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বরের নির্দেশ দিয়ে ঘরের স্মার্ট লাইট, পর্দা ও স্মার্ট লকের মতো সামঞ্জস্যপূর্ণ ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ নয়টি ক্যামেরার সরাসরি ভিডিও ফিড দেখার সুবিধাও থাকবে।

স্মার্ট হোমের নিরাপত্তা ব্যবস্থায়ও গুরুত্ব দিয়েছে অ্যাপল। সমর্থিত আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন থাকলে সামঞ্জস্যপূর্ণ ক্যামেরার মাধ্যমে মানুষ, পরিচিত ব্যক্তি, পোষা প্রাণী, পার্সেল ও যানবাহন শনাক্ত করার সুবিধা পাওয়া যাবে। দরজার সামনে কেউ এলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন। এ ছাড়া হোমকিট সিকিউর ভিডিওর ভিডিও বিবরণ দেখে ফুটেজ না দেখেও ঘটনার বিষয়ে ধারণা পাওয়া যাবে।

হোমভিউতে বিল্ট-ইন ক্যামেরা রয়েছে, যা ব্যবহারকারীকে শনাক্ত করে তার ব্যক্তিগত প্রোফাইল দেখাতে পারবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাপ ও উইজেট সাজিয়ে নিতে পারবেন। অ্যাপল ইন্টেলিজেন্স-সমর্থিত আইফোন বা আইপ্যাডের সঙ্গে যুক্ত করে মেসেজ, ক্যালেন্ডার, রিমাইন্ডার ও ফেসটাইম ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

ডিভাইসটিতে রয়েছে লিকুইড রেটিনা এলসিডি পর্দা। ঘরের আলোর পরিস্থিতি অনুযায়ী পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ব্যবহারকারীর দূরত্ব বিবেচনায় পর্দায় তথ্য প্রদর্শনের ধরনও বদলে যাবে।

অ্যাপলের দাবি, সিরির মাধ্যমে করা অনুরোধ ডিভাইসেই প্রক্রিয়াকরণ করা সম্ভব; প্রয়োজন অনুযায়ী প্রাইভেট ক্লাউড কম্পিউটও ব্যবহার করা যেতে পারে। এতে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

ডিভাইসটি স্পিকার বেসের সঙ্গে যুক্ত এবং এর কোণ পরিবর্তন করা যায়। দেয়ালে স্থাপনের জন্য আলাদা মডেল ও মাউন্ট কেনার প্রয়োজন হতে পারে। দেয়ালে লাগানোর মাউন্টের দাম শুরু ৬০ ডলার থেকে।

অ্যামাজন ইকো শোর মতো স্মার্ট ডিসপ্লের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই হোমভিউ বাজারে আনার উদ্যোগ নিয়েছে অ্যাপল।