ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী এক ছেলে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ ইতালিতে বসবাস করছিলেন। নিহত অপর দুইজন হলেন তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যাসন্তান।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই কামাল হোসেন, তার স্ত্রী ও কন্যা নিহত হন।
এ সময় হামলাকারীকে বাধা দিতে গেলে কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে রোম পুলিশ। তদন্তকারীরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা খতিয়ে দেখছেন। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতালীয় পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

মন্তব্য করুন