ধুরন্ধর: দ্য রিভেঞ্জ পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। রণবীর সিং অভিনীত সিনেমাটি সম্প্রতি Netflix পাকিস্তানে মুক্তির পরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, ১৪ মে মধ্যরাতে সিনেমাটি স্ট্রিমিংয়ে আসার পর অতিরিক্ত দর্শকচাপের কারণে নেটফ্লিক্সের সার্ভারে সাময়িক সমস্যা দেখা দেয়। যদিও এ বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একজন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, সিনেমাটি মুক্তির অপেক্ষায় অনেক দর্শক আগে থেকেই প্রস্তুত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, করাচির লিয়ারি অঞ্চলের ঘটনাপ্রবাহের সঙ্গে ছবির কাহিনির কিছু মিল থাকায় পাকিস্তানি দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
চলতি বছরের ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ছবিটি। এর আগে প্রথম কিস্তি ধুরন্ধর পাকিস্তানবিরোধী উপস্থাপনার অভিযোগে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছিল।
পরিচালক আদিত্য ধর–এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সিনেমায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। তবে বিতর্ক সত্ত্বেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি; বরং ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ছে বলে দাবি করা হচ্ছে।