https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকীয়তায় বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে নায়ক বনে যান মিকেল মেরিনো।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবারের মতো শেষ চারে উঠল লা রোজারা। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোমেলু লুকাকুদের।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। চার্লস ডি কেটেলায়েরের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।
বিরতির পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করে। বেলজিয়ামের হয়ে কেভিন ডি ব্রুইনে ও ম্যাক্সিম ডি কুইপার স্পেনের রক্ষণকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পাননি।
অন্যদিকে লামিন ইয়ামাল ও মিকেল ওইয়ারজাবালের আক্রমণে বারবার পরীক্ষা দিতে হয় বেলজিয়ামের গোলরক্ষকদের। প্রথমে থিবো কুর্তোয়া এবং পরে ইনজুরিতে তার বদলি হিসেবে নামা সেনে ল্যামেন্স একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
তবে ম্যাচের ভাগ্য বদলে যায় শেষ মুহূর্তে। ৮৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ড পরই জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স প্রতিহত করলেও ফিরতি বলে কাছ থেকে জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
বাকি সময় দৃঢ় রক্ষণে লিড ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন স্প্যানিশ ফুটবলার ও সমর্থকরা।
এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। ইউরোপের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্পেন।