https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, ওরফে হিরো আলম। অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তিনি বলেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেবেন।
সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন তার বিরুদ্ধে অভিযোগটি ট্রাইব্যুনালে জমা দিয়েছে।
হিরো আলম বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে দমানো যাবে না। যারা অভিযোগ করেছেন, তারা যদি সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণ করতে না পারেন, তাহলে আমিও তাদের বিরুদ্ধে মামলা করব।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার ভাষায়, “আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।”
নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে হিরো আলম বলেন, আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং সে সময়ের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে রয়েছে। সেগুলো দেখলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও প্রশ্ন তোলেন, আন্দোলনের দুই বছর পর কেন তার নাম সামনে আনা হলো। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি ও সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে হিরো আলম আরও বলেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং দলটির পক্ষে কোনো প্রচারণাও চালাননি। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক পরিবেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন।
এর আগে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেয়। ওই তালিকায় হিরো আলমের নামও রয়েছে।