https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছে কমিশন।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংসদ সচিবালয়ে পাঠানো এক চিঠিতে ইসি জানিয়েছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।
চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করা আবশ্যক। সেই আইনি বাধ্যবাধকতা পূরণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়ক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমও উপস্থিত থাকবেন।