https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে আয়োজিত এবারের আসরের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত বর্ণাঢ্য ডিসপ্লেও উপভোগ করেন তিনি।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়।
উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের আয়োজন করা হয়।