https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
এর আগে, গত ৫ জুলাই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসককেও এর আগে বাধ্যতামূলক অবসর দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হেলাল হোসেন, আনার কলি মাহবুব, মো. আবুল ফজল মীর, মো. মাজেদুর রহমান খান, মো. আসলাম হোসেন, মোহাম্মদ দাউদুল ইসলাম, মঈনউল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, মো. আব্দুল আহাদ, মো. কামাল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. শহিদুল ইসলাম, সরোজ কুমার নাথ, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিয়র রহমান, মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, মো. মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, এস এম আব্দুল কাদের, মো. আলী আকবর, মাহমুদুল কবীর মুরাদ, মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সৈয়দা ফারহানা কাউনাইন, মোছা. সুলতানা পারভীন, এস এম ফেরদৌস এবং গোপাল চন্দ্র দাশ।