ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন, দায়িত্ব হারাচ্ছেন মিরাজ গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, প্রকাশিত নতুন আইনের খসড়া মালয়েশিয়ায় সাড়ে ছয় মাসে আটক ৪১ হাজারের বেশি অবৈধ অভিবাসী ঝড়-বৃষ্টির আশঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরানে অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার মস্তিষ্কের পাঁচ রোগ, চল্লিশের পর যেগুলো নিয়ে বাড়তি সতর্কতা বাজারের নাম নিয়ে ৬ ঘণ্টার সংঘর্ষে নিহত ১, বন্ধ ট্রেন চলাচল ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ছবি: -সংগৃহীত

মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান। সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। তবে বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির একদিন আগে, ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই পিটার পার্কার তথা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া, নেডের ভূমিকায় থাকছেন জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।

নতুন কিস্তিতে যোগ দিয়েছেন আরও কয়েকজন আলোচিত তারকা। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ক রয়েছেন একটি রহস্যময় ভূমিকায়। এছাড়া ভক্তদের জন্য বড় চমক হিসেবে ‘দ্য পানিশার’ চরিত্রে ফিরছেন জন বার্নথাল।

সিনেমার গল্প এগিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পরবর্তী সময়কে কেন্দ্র করে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর নিজের পরিচয় গোপন রেখেই নিউইয়র্ককে রক্ষা করে চলেছে স্পাইডার-ম্যান। নতুন এক রহস্যময় শত্রুর মুখোমুখি হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সংকটও সামলাতে হবে তাকে। ফলে আগের চেয়ে আরও পরিণত ও দায়িত্বশীল রূপে দেখা যাবে পিটার পার্কারকে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য প্রদর্শিত হবে, ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরমিক অভিজ্ঞতায় সিনেমা উপভোগ করতে পারবেন।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে জোরেশোরে। ফলে বছরের অন্যতম আলোচিত ও সম্ভাব্য ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।