ঢাকা
২৯ আগস্ট ২০২৬

তিন দিনের মাথায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৩০ বার পঠিত
তিন দিনের মাথায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১০ জুলাই বাজুস একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল ২২ ক্যারেট সোনার দাম। মাত্র তিন দিনের ব্যবধানে সেই বৃদ্ধিই পুরোপুরি সমন্বয় করে আবার দাম কমানো হলো।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।