ঢাকা
২৯ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে ৪০০ জাহাজ, আটকা প্রায় ৬ হাজার নাবিক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
হরমুজ প্রণালিতে ৪০০ জাহাজ, আটকা প্রায় ৬ হাজার নাবিক

ছবি: -সংগৃহীত

চলমান যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে প্রায় ৪০০টি জাহাজ ও ৬ হাজার নাবিক আটকা পড়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বের বিভিন্ন অঞ্চলেও তা অনুভূত হচ্ছে।

আইএমও মহাসচিব সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন হলে বিশ্ব অর্থনীতিতে আরও বড় প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে দীর্ঘ সময় নৌপথটি অচল থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।