https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষারিয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির যাত্রী-চালকদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়, আষারিয়ারচর ব্রিজ থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকা অভিমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক স্থানে গাড়ি ধীরগতিতে চললেও বেশিরভাগ জায়গায় যানবাহন প্রায় স্থবির হয়ে রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ কারণে শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলায় সড়কের একটি অংশ সংকুচিত হয়ে পড়লে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয়।
যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকায় নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। পণ্যবাহী ট্রাক আটকে থাকায় নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, ব্রিজের গর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংস্কারকাজ শুরু করা হয়েছে। কাজের কারণে যান চলাচল ধীর হয়ে যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং দ্রুত সংস্কারকাজ শেষ করার চেষ্টা চলছে।